খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক, ১৪৩৩

সৌদি আরবে বজ্রপাতে প্রাণ গেল সাতকানিয়ার প্রবাসী যুবকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৌদি আরবে বজ্রপাতে প্রাণ গেল সাতকানিয়ার প্রবাসী যুবকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির মদিনা শহরের আল উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাড়ে চার বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান আবু বকর। সেখানে মদিনা শহরের আল উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি।

রোববার রাতে পরিবারের কাছে খবর আসে, খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন আবু বকর।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয় সন্তান।

তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনুতপুরা এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তার নানাবাড়ি সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান। শনিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে আঙিনা থেকে বের হয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে হাসানকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোকাহত হয়েছিল দেশের শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। একই অনুষ্ঠানে প্রয়াত কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ইতোমধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’

গত ১৬ মে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে পারবেন চরকির গ্রাহকেরা।

চরকির সাবস্ক্রাইবারদের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হজযাত্রীর লাগেজ হারানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৩ জুন) কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান।

এ সময় হজ কাফেলার পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব সংশ্লিষ্ট হজযাত্রীর নিজের। এ বিষয়ে কাফেলা কর্তৃপক্ষের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে শনিবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম